Logo

এমপিদের চাহিদায় ২৫৬ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা বরাদ্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:২৯
এমপিদের চাহিদায় ২৫৬ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা বরাদ্দ
ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজ নিজ এলাকায় নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পটির অনুমোদনও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণসহ মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি এবং সংশোধিত প্রকল্প দুটি।

মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে অনুমোদিত তালিকায়।

বিজ্ঞাপন

যেসব জেলায় বেশি সেতু নির্মাণ হবে

অনুমোদিত ২৫৬টি সেতুর মধ্যে সবচেয়ে বেশি নির্মাণ করা হবে বগুড়া জেলায়। সেখানে ২৪টি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নরসিংদী, যেখানে নির্মিত হবে ১৬টি সেতু। সিলেটে ১৪টি এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে সেতু নির্মাণ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহ, কক্সবাজার ও লক্ষ্মীপুরে নির্মিত হবে আটটি করে সেতু।

বিজ্ঞাপন

জামালপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সাতটি করে এবং শরীয়তপুরে ছয়টি সেতু নির্মাণ করা হবে।

অন্যদিকে ঢাকা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে পাঁচটি করে সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম, দিনাজপুর, মাগুরা, মাদারীপুর ও সুনামগঞ্জে চারটি করে এবং নীলফামারী, সিরাজগঞ্জ, বাগেরহাট, বরগুনা, গাজীপুর, ফেনী ও বান্দরবানে তিনটি করে সেতু নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া লালমনিরহাট, নওগাঁ, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও রাঙামাটিতে দুটি করে এবং পঞ্চগড়, রাজশাহী, নাটোর, খুলনা, ঝিনাইদহ, মৌলভীবাজার ও খাগড়াছড়িতে একটি করে সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০২৩ সালের প্রকল্পে বাড়ছে ব্যয় ও সেতুর সংখ্যা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫৬টি সেতু নির্মাণের মূল প্রকল্পটি ২০২৩ সালে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রকল্পের আওতা সম্প্রসারণ করে সেতুর সংখ্যা ও ব্যয় বাড়ানোর উদ্যোগ নেয় এলজিইডি। সেই সংশোধিত প্রস্তাবের ভিত্তিতেই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অনুমোদন পাওয়া অন্যান্য উন্নয়ন প্রকল্প

একনেক সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীও অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

নগর ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়োবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগ অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নদীভাঙন রোধে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্পও অনুমোদিত হয়েছে। দ্বিতীয় প্রকল্পটি প্রথম পর্যায়ে বাস্তবায়িত হবে।

এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নেও একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ও সড়ক অবকাঠামোতেও নতুন উদ্যোগ

অনুমোদিত প্রকল্পের তালিকায় রয়েছে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ। পাশাপাশি ঢাকা এলাকায় বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

সড়ক যোগাযোগের উন্নয়নে জয়পুরহাট সড়ক বিভাগের অধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে অনুমোদিত ১৬টি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ, সেতু নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, পানি নিষ্কাশন, সেচব্যবস্থা, আবাসন ও প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD