পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এ প্রস্তাব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ গণমাধ্যমের সামনে গবেষণার মূল বিষয়গুলো তুলে ধরেন।
সিপিডির গবেষণায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তিনটি পৃথক মজুরি স্তর নির্ধারণ করা হয়েছে। প্রথম হিসাব অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা বর্তমান বাজার পরিস্থিতিতেও ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬ হাজার ৩৫১ টাকা করতে হবে। তবে এই পরিমাণ মজুরি বাড়ানো হলে শ্রমিকদের জীবনমানের উন্নতি হবে না; কেবল আগের ক্রয়ক্ষমতা বজায় রাখা সম্ভব হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয় হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে জীবনধারণের ন্যূনতম ব্যয় মেটাতে একজন কর্মজীবী সদস্যের মাসিক আয় প্রয়োজন অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা। এই অর্থ দিয়ে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় সামাল দেওয়ার হিসাব করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে একজন পোশাকশ্রমিকের মাসিক ন্যূনতম আয় ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন বলে মনে করছে সিপিডি।
গবেষণার সুপারিশ তুলে ধরে নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব তাদের রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করা উচিত নয়। বরং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরি করা প্রয়োজন।
বিজ্ঞাপন
নাজনীন আহমেদের মতে, প্রচলিত ব্যবস্থায় বড় ধরনের শ্রমিক অসন্তোষ কিংবা আন্দোলন শুরু হওয়ার পর তড়িঘড়ি করে মজুরি বোর্ড গঠন করা হয়। এ ধরনের উদ্যোগ সাময়িক সমাধান দিলেও দীর্ঘমেয়াদে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে না।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৬ সালের অক্টোবরে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামেন। পরিস্থিতি বিবেচনায় সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করে। সেখানে শ্রমিক প্রতিনিধিরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। তবে মালিকপক্ষের চূড়ান্ত প্রস্তাব এখনো পাওয়া যায়নি।
মজুরি বাড়ানোর বিষয়ে মালিক ও শ্রমিক পক্ষের অবস্থানে স্পষ্ট পার্থক্য রয়েছে। মালিকপক্ষের বক্তব্য, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে শিল্প পরিচালনায় চাপ তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কমে যাওয়ায় অতিরিক্ত মজুরির ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের দাবি, খাদ্যপণ্য, বাসাভাড়া এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যেভাবে বেড়েছে, তাতে বর্তমান মজুরি দিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। তাই শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে।
পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি শ্রমিক অসন্তোষ কমানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে কয়েকটি সুপারিশও দিয়েছে সিপিডি।
সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, মজুরি পুনর্নির্ধারণের অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা প্রয়োজন। এতে সংশ্লিষ্ট পক্ষগুলো পর্যাপ্ত সময় পাবে এবং আকস্মিক আন্দোলন কিংবা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ানো সহজ হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া আবেগনির্ভর দরকষাকষির পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করে মজুরি নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যাও বিবেচনায় রাখতে হবে।
সিপিডি আরও মনে করে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ডের জন্য সুস্পষ্ট পরিমাপক ও মূল্যায়ন পদ্ধতি তৈরি করা জরুরি। এসব মানদণ্ডের মধ্যে মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার মতো বিষয় রয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতা ও পোশাক ব্র্যান্ডগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শ্রম ব্যয় বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকের ন্যায্যমূল্য দেওয়া এবং পণ্য সংগ্রহের নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সিপিডির মতে, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং জিএসপি প্লাস সুবিধা অর্জনের লক্ষ্যে কারখানায় শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি (লিভিং ওয়েজ) নিশ্চিত করা প্রয়োজন।








