Logo

আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই গাজীপুরে, স্বাভাবিক জনজীবন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৯
আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই গাজীপুরে, স্বাভাবিক জনজীবন
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঘোষিত লকডাউন কর্মসূচিতে গাজীপুরে তেমন কোনো সাড়া দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক ছিল জনজীবন। প্রতিদিনের মতো দোকানপাট খোলা রয়েছে, পাশাপাশি সড়কে যানবাহন চলাচলও অব্যাহত রয়েছে। তবে সকালের দিকে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর মহানগরী ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়। কর্মজীবী মানুষ প্রতিদিনের মতোই নিজ নিজ কর্মস্থলে গেছেন। শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এদিকে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, কোনাবাড়িসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টাঙ্গাইল-গাজীপুর সড়কে চলাচলকারী বাসচালক আক্কাস আলী বলেন, এখন সকাল, তাই গাড়ির সংখ্যা কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যা বাড়বে। সকাল হওয়ায় রাস্তায় লোকজনের সংখ্যাও কম। মানুষ তাদের কর্মস্থলে রওনা হয়েছে।

অন্যদিকে, পুলিশ জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকেরা নিয়মিত সময়েই কাজে যোগ দিয়েছেন। ফলে শিল্পকারখানার উৎপাদন ও কর্মপরিবেশে লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

প্রতিবেদন লেখা পর্যন্ত লকডাউন কর্মসূচির সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সড়কে দেখা যায়নি।

সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা থাকলেও গাজীপুরে যানবাহন চলাচল, দোকানপাট, শিল্পকারখানা ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD