এক সপ্তাহের মধ্যেই মাতুয়াইলে দেড় একর জমিতে নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে

রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী এক সপ্তাহের মধ্যেই মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর এই মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিতে বিশেষ কর্মসূচির ঘোষণাও দেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। এসব স্থানের মধ্যে রয়েছে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিল।
বিজ্ঞাপন
নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা চান তিনি।
ডেমরা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে খাল পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত করা এবং খালের পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, খালের ওপর যত্রতত্র অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দিতে হবে। মানুষের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেবে।
নতুন মাঠ নির্মাণের পাশাপাশি উদ্বোধন করা মাঠেও আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করার আশ্বাস দেন আবদুস সালাম। তিনি জানান, সেখানে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করেন, খেলার উপযুক্ত পরিবেশ তৈরি হলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে। এসব মাঠ থেকে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সাধারণ বাসিন্দারাও উপকৃত হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা।








