Logo

দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে, অপশক্তিকে প্রতিহতের আহ্বান স্পিকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ২১:২৬
দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে, অপশক্তিকে প্রতিহতের আহ্বান স্পিকারের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই অপশক্তির অপতৎপরতা রুখতে দলমত নির্বিশেষে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন-এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।

বিজ্ঞাপন

অধিবেশনে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা এবং মতামত প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান স্পিকার। একই সঙ্গে অধিবেশন পরিচালনায় সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ প্রকাশ করেন তিনি। পরে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে চারটি বিল সংসদে উত্থাপিত হওয়ার পাশাপাশি চারটিই পাস হয়েছে। এ ছাড়া তিনটি সংসদীয় কমিটি এবং একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সংসদ সদস্যরা নানা বিষয়ে নোটিশ জমা দেন। এর মধ্যে ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধির নোটিশ ছিল। এসব নোটিশের অধিকাংশই গ্রহণ ও আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ১৭টি প্রশ্নের উত্তর দেন তিনি। অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টির উত্তর দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD