দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে তা বেড়ে ২০২৬ সালের ১৯ অক্টোবর ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছায়।
রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সূচনা ও বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈধ পথে রেমিট্যান্স বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ লেনদেন সহজ করা এবং প্রবাসীদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স সংযোগ চালু করা সহজ হচ্ছে এবং প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম বাড়ছে। একই সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে অর্থ স্থানান্তরের খরচও কমেছে।
সরকারপ্রধান আরও জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
বিজ্ঞাপন
রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।








