২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আগামী ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে তিনি ঢাকায় আসার বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন অনূঢ়া কুমারা দিশানায়েক। পাশাপাশি বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে আগ্রহী।
সাক্ষাতে শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য। এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে উষ্ণ অভ্যর্থনার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।








