Logo

আগুনে সব হারিয়ে কাল পরীক্ষা, চিকিৎসক হওয়ার স্বপ্নে শঙ্কা মরিয়মের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৪:৫৯
আগুনে সব হারিয়ে কাল পরীক্ষা, চিকিৎসক হওয়ার স্বপ্নে শঙ্কা মরিয়মের
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের ঘর। আসবাবপত্র, বই-খাতা, প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি পুড়ে গেছে কয়েক দিন আগে ভাইয়ের জন্য কেনা ৫০ হাজার টাকা দামের কম্পিউটারও। এখন তার সম্বল বলতে রয়েছে শুধু স্কুলের পোশাক ও ব্যাগ। এর মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে তার বার্ষিক পরীক্ষা।

বিজ্ঞাপন

ঘরের সবকিছু হারিয়েও বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছাড়তে চায় না মরিয়ম। তবে পরিবারের আর্থিক সংকটের কথা ভেবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া নিয়ে সংশয়ে রয়েছে সে।

মরিয়ম মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার সকালে সে যখন স্কুলে ছিল, তখন এক বান্ধবীর মা ফোন করে তাদের বাসায় আগুন লাগার খবর দেন। খবর পেয়েই বাড়ির উদ্দেশে ছুটে যায় সে। কিন্তু আগুনের তীব্রতার কারণে ঘরে প্রবেশ করতে পারেনি। পরে নিজের চোখেই দেখে, আগুনে পুড়ে গেছে তাদের সাজানো সংসারের সবকিছু।

মরিয়ম বলে, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’

বিজ্ঞাপন

ঘরের শোকেস, টেলিভিশন, র‍্যাক, ড্রাম থেকে শুরু করে বই-খাতা—কিছুই রক্ষা পায়নি। কয়েক দিন আগে ভাইয়ের জন্য ৫০ হাজার টাকা খরচ করে কেনা কম্পিউটারটিও আগুনে পুড়ে গেছে। সব হারিয়ে এখন মরিয়মের কাছে অবশিষ্ট রয়েছে শুধু স্কুলের পোশাক ও ব্যাগ।

আরও পড়ুন

•

বিজ্ঞাপন

•

এরই মধ্যে বৃহস্পতিবার থেকে তাদের স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। ভয়াবহ আগুনে পড়াশোনার সামগ্রী পুড়ে গেলেও স্কুলব্যাগে থাকায় প্রবেশপত্রসহ কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা পেয়েছে। তবে এমন বিপর্যয়ের পর কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সে।

মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, প্রায় ১০ বছর ধরে তাঁরা মহাখালীর সাততলা বস্তির একটি ঘরে বসবাস করছেন। তাঁর স্বামী ব্যবসা করেন এবং তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘদিনের পরিশ্রমে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র একে একে সংগ্রহ করেছিলেন। কিন্তু মুহূর্তের আগুনে সবকিছু হারিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’

তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় নতুন করে সংসার সাজানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

এত প্রতিকূলতার মধ্যেও মরিয়মের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়া। কিন্তু পরিবারের আর্থিক সীমাবদ্ধতা তাকে সেই স্বপ্ন পূরণ নিয়ে ভাবিয়ে তুলছে।

বিজ্ঞাপন

নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশার কথা জানিয়ে মরিয়ম বলে, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলোর মতো অনিশ্চিত হয়ে পড়েছে মরিয়মের পড়াশোনা ও ভবিষ্যৎ। তবে সব প্রতিকূলতার মধ্যেও চিকিৎসক হওয়ার স্বপ্ন আঁকড়ে ধরে আছে সে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD