Logo

এবার রাজধানীর পল্লবী-মহাখালীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ২৪:২৩
এবার রাজধানীর পল্লবী-মহাখালীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার পল্লবী, মহাখালী ও বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের আগুনে তিনটি বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পল্লবীর সিরামিক রোডে রাত ৮টা ৫০ মিনিটের দিকে মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল এবং এতে কোনো যাত্রী ছিলেন না। ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

অন্যদিকে, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান জানান, পেছন থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে বাসে ওঠা দুই ব্যক্তি আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ককটেল দুটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচার করছেন দলটির নেতাকর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD