Logo

ইলিয়াছ নূরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২২:৫৮
ইলিয়াছ নূরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ
ছবি প্রতিনিধি।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরীকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সমাবেশ থেকে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সহসভাপতি মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন শাফায়াত উল্লাহ। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা শাহেদুল আলম চৌধুরী, নাসির উদ্দীন মাহমুদ, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন নূরী, মোশাররফ হোসেন, মোহাম্মদ মাসউদ হোসাইন, হাফেজ মোহাম্মদ শাহ জালাল, ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আজাদ হোসেন, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, মুফতি জাহিদুর রহমান ও উজ্জল হোসেনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, একজন আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও জননেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা ব্যক্তিগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। ধর্মীয় ও সামাজিক পরিসরে শান্তিপূর্ণভাবে নিজস্ব মতাদর্শ প্রচারের অধিকার সবার রয়েছে। ভিন্নমতের কারণে কাউকে ভয়ভীতি দেখানো কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

তাঁরা আরও বলেন, সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা তাঁদের রাজনৈতিক ও আদর্শিক লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে। কোনো ধরনের হুমকি তাঁদের এই কর্মকাণ্ড থেকে পিছিয়ে দিতে পারবে না।

সমাবেশ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরীকে যারা প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি তাঁর ব্যক্তিগত নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হুমকি-ধমকির মাধ্যমে যেন কারও মতপ্রকাশ ও সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD