মিরপুরে শ্রমিক বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সড়ক থেকে সরাতে একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি মাইকিং করে তাদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে শ্রমিকরা সড়ক থেকে সরে না যাওয়ায় একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে না ফিরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
তারা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে অবরোধ অব্যাহত রাখেন। এতে পুরো এলাকায় যান চলাচল ব্যাহত হয়।








