গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে জড়ো হন। পরে তাঁরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান। পরে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফলে সোমবার সকাল থেকে মহাসড়কের কোথাও শ্রমিকদের অবরোধ বা বিক্ষোভ করতে দেখা যায়নি। তবে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান ও টহল দিতে দেখা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকরা সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।








