রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের দুই নেটওয়ার্ক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
আহত ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি অফিসে প্রবেশ করেন। একপর্যায়ে তারা হাবিবুর রহমান ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। হাবিবুরের বাম হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। দুজনের শরীরেই একটি করে গুলি লাগে।
বিজ্ঞাপন
হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তার বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রামপুরার ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।








