পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা রাসেলকে হত্যা, গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিলে পরকীয়া সম্পর্ক ও পারিবারিক বিরোধের জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী, তার বোন ও বর্তমান স্বামীকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, পরকীয়া সম্পর্কের কারণে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী সময়ের ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫)।
বিজ্ঞাপন
নিহত রাসেল চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ১২ বছর আগে মুক্তার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসআরবির তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে মুক্তা রাসেলকে তালাক দেন। তবে বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি রাসেল। তিনি আবারও সাবেক স্ত্রীর সঙ্গে সংসার করার চেষ্টা করছিলেন।
চলতি বছরের অক্টোবর মাসে সেলিমকে বিয়ে করেন মুক্তা। বিষয়টি জানার পর রাসেলের যাতায়াত আগের তুলনায় বেড়ে যায় মুক্তার বাড়িতে।
বিজ্ঞাপন
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে এসআরবি জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মোবাইল ফোনে কল করে তাকে নিজেদের বাড়িতে আসতে বলেন মুক্তা। সেই আহ্বানে রাত ১০টার দিকে সেখানে পৌঁছান রাসেল। পরে বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
হত্যার ঘটনা আড়াল করতে রাসেলের মরদেহ কম্বল দিয়ে মুড়িয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়া হয় বলে জানিয়েছে এসআরবি।
গত বৃহস্পতিবার পুলিশ মাটির নিচ থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন। এর আগে গত ৬ নভেম্বর রাসেল নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জাগো নিউজকে জানান, হত্যা মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে আটক করা হয় সেলিমকে।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।








