Logo

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আসামি ১৫

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১১ নভেম্বর, ২০২৬, ১৯:১১
ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আসামি ১৫
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে যান হাসিব। উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে পৌঁছালে তাঁর পথ আটকে দেয় দেশীয় অস্ত্রধারী ১৫ থেকে ২০ জনের একটি দল। অভিযোগে বলা হয়েছে, দলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা হাবিব।

বিজ্ঞাপন

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করে। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলার দৃশ্য দেখা গেছে। এতে অটোরিকশায় বসে থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালাতে দেখা যায়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ জমা দেয়। এরপর পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।

ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরই রাতে মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD