দ্বিতীয় বিয়ে নিয়ে ঝগড়া, ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য বিরোধের জেরে মো. হারুন (৩২) নামের এক ব্যক্তিকে শিল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী মোসা. রত্নার (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) উত্তরা পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি জানান, গত ৩ নভেম্বর আশুলিয়া থানার মরিচকাটা এলাকায় জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কক্ষটি তালাবদ্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে আশুলিয়া থানা পুলিশ শয়নকক্ষ থেকে অর্ধগলিত অবস্থায় হারুনের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে পিবিআই ঢাকা জেলা। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে মামলার তদন্তের দায়িত্ব নেয়। এর আগে ৬ নভেম্বর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নিহত হারুনের ব্যবহৃত সিমকার্ডসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, হারুন ও রত্নার মধ্যে দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত ৩১ অক্টোবর রাতে তাঁদের মধ্যে তীব্র ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর রাত ২টার দিকে হারুন ঘুমিয়ে থাকা অবস্থায় রত্না শিল দিয়ে তাঁর মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয় বলে তদন্তে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, হত্যার পর ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান রত্না। কয়েক দিন পর ওই কক্ষ থেকেই তাঁর স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পিবিআইয়ের পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারের পর রত্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








