Logo

পার্কিং নিয়ে বিরোধ, প্রতিবেশীকে ১৪ রাউন্ড গুলি করে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৯:০০
পার্কিং নিয়ে বিরোধ, প্রতিবেশীকে ১৪ রাউন্ড গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

গাড়ি পার্কিং নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মনু শর্মা ওরফে মোহনের বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ভারতের হরিয়ানার ফরিদাবাদে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম পরমজিৎ (৪২)। তিনি সিঙ্গাপুরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঘটনার মাত্র এক দিন আগে ভারতে ফিরেছিলেন তিনি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ওই এলাকার ৬৪১ নম্বর বাড়ির প্রথম তলায় থাকতেন পরমজিৎ। একই ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন অভিযুক্ত মনু শর্মা। গাড়ি পার্কিংসহ বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার দিন রাতে সেই বিরোধই একপর্যায়ে সহিংস রূপ নেয়। পরমজিতের ওপর তার প্রতিবেশী মনু শর্মা নিজের বৈধ আগ্নেয়াস্ত্র থেকে অন্তত ১৪ রাউন্ড গুলি চালান। এর মধ্যে ৮ থেকে ৯টি গুলি পরমজিতের শরীরে বিদ্ধ হয়। মারাত্মক আহত অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুরজকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ কুমার জানান, ঘটনার পরপরই ফরিদাবাদ অপরাধ দমন শাখার সেক্টর ৩০ দলের সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মনু শর্মাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে নিহতের ময়নাতদন্ত চলছে এবং ঘটনার বিস্তারিত কারণ ও নেপথ্য অনুসন্ধানে অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD