Logo

সানায় সৌদির বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৭:১০
সানায় সৌদির বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩
ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার আল-শারিয়া গ্রামে সৌদি আরবের বিমান হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। শনিবার চালানো এ হামলায় প্রাথমিকভাবে ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও রোববার তা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলআসবাহি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৯ জন।

এর আগে শনিবার তিনি জানিয়েছিলেন, হামলার পর উদ্ধারকাজ চালাতে প্যারামেডিকদের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

জাতিসংঘের তথ্যমতে, সৌদি আরব সমর্থিত বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬০০ মানুষ। এ সময়ে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি বাসিন্দা।

বিজ্ঞাপন

হুথি সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হামলাস্থলের ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। ধ্বংসাবশেষের ভেতর থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সানায় প্রাণঘাতী এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সৌদি আরব।

এদিকে শনিবারের হামলার পর রোববার সকালে সৌদি আরবকে লক্ষ্য করে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর অন্তত একটি রিয়াদে অবস্থিত আরামকো টাওয়ারে আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

এএফপিকে দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টাওয়ারটিতে ক্ষেপণাস্ত্র আঘাতের কারণে ক্ষয়ক্ষতির চিহ্ন তারা দেখতে পেয়েছেন। তবে এ বিষয়েও সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

সূত্র: দ্য নিউ আরব, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD