Logo

পরীক্ষায় ভালো করায় ৯ম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৫:২৯
পরীক্ষায় ভালো করায় ৯ম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার বাবার
ছবি: সংগৃহীত

পরীক্ষায় দুর্দান্ত ফল করে বাবার কাছ থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ রুপির বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ গাড়ি উপহার পেয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। আগে থেকেই গাড়িটির প্রতি আগ্রহ ছিল তার। বাবার কাছে আবদারও করেছিল। শর্ত ছিল, পরীক্ষায় ভালো ফল করতে হবে। সেই শর্ত পূরণ করতেই ছেলের স্বপ্ন বাস্তবে রূপ দিলেন বাবা।

বিজ্ঞাপন

আলোচিত এই ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি পারাজ এলাকার। গাড়িটি উপহার পাওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। তার বাবা সামসুদ্দিন মিদ্যা এলাকার পরিচিত চাল ব্যবসায়ী। ছেলের পড়াশোনায় ভালো ফলের খবর পেয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএমডব্লিউ এম৪ কিনে দিয়েছেন তিনি।

জানা গেছে, ষাণ্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছে তালহা। বরাবরই পড়াশোনায় ভালো হওয়ায় ছেলের আবদার পূরণ করতে দেরি করেননি বাবা। সুদূর মুম্বাই থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ রুপি খরচ করে নিয়ে এসেছেন বিলাসবহুল স্পোর্টস কারটি।

বিজ্ঞাপন

সামসুদ্দিন মিদ্যার গাড়ির সংগ্রহও বেশ বড়। তার গ্যারেজে আগে থেকেই রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারসহ মোট ১১টি গাড়ি। তবে এতদিন তার সংগ্রহে বিএমডব্লিউ ব্র্যান্ডের কোনো গাড়ি ছিল না। ছেলের পছন্দের তালিকায় থাকা এম৪ মডেলটি কিনেই সেই অভাব পূরণ করেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে সামসুদ্দিন মিদ্যা বলেন, “আমার ছেলে তালহা রেজাল্ট ভালো করেছে। ও পড়াশোনাতে বেশ ভালো ও অনেক আগে থেকেই বলে রেখেছিল বিএমডব্লিউ এম৪ নিয়ে আসতে। রেজাল্ট ভালো করেছে বলে এনেও দিয়েছি।”

তবে গাড়ি উপহার পেলেও এখনই নিজে চালানোর সুযোগ নেই তালহার। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার ড্রাইভিং লাইসেন্স হয়নি। তাই আপাতত গাড়ির চালকের আসনে বসতে পারছে না সে।

বিজ্ঞাপন

নতুন গাড়ি পেয়ে উচ্ছ্বসিত তালহাও। নিজের ইচ্ছার কথা জানিয়ে সে বলে, “বাবাকে বলেছিলাম গাড়িটা কিনতে। সপ্তাহে এক-দুদিন বের হব। আমি পাশে বসে থাকব, আব্বু চালাবে।”

এভাবেই পরীক্ষার ফল ভালো করার পুরস্কার হিসেবে ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন পশ্চিমবঙ্গের এই ব্যবসায়ী বাবা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD