Logo

এবার সৌদি আরবের রাজধানীতে মিসাইল ছুড়ল ইরান-সমর্থিত হুথিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৪:২৮
এবার সৌদি আরবের রাজধানীতে মিসাইল ছুড়ল ইরান-সমর্থিত হুথিরা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হামলার পর এবার রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। রবিবার (৮ নভেম্বর) সকালে পৃথক দুটি হামলায় মোট তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, সবগুলো ক্ষেপণাস্ত্রই সফলভাবে আকাশে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পর জানানো হয়, ওই অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা। তবে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি প্রতিহত করতে সক্ষম হয়।

এর প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদকে লক্ষ্য করে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র দুটিও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরই মধ্যে গত শনিবার ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। ওই হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পরদিনই সৌদি আরবের বিভিন্ন অঞ্চল ও রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটল।

উল্লেখ্য, জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি আরব ও হুথিদের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে একটি সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে।

এরপর থেকে সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে হুথিরাও তেলসমৃদ্ধ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও অঞ্চলকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

দুই পক্ষের এই পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD