নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে বিএমডব্লিউ উপহার

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো ফলের পুরস্কার হিসেবে প্রায় আড়াই কোটি টাকা দামের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন তাঁর বাবা। ছেলের এমন সাফল্যে খুশি হয়ে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের গাড়িটি কিনে দিয়েছেন চাল ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা।
বিজ্ঞাপন
শনিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সামসুদ্দিনের ছেলে মহম্মদ তালহা নবম শ্রেণিতে পড়ে। অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করলে বিএমডব্লিউ গাড়ি কিনে দেওয়ার আবদার করেছিল সে। ছেলের সেই ইচ্ছা পূরণ করেছেন বাবা।
তালহা জানায়, সপ্তাহে এক-দুই দিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে চায় সে। এ কারণেই বাবার কাছে গাড়ি কেনার আবদার করেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামসুদ্দিনের গাড়ির সংগ্রহও বেশ বড়। তাঁর গ্যারেজে আগে থেকেই রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারসহ মোট ১১টি গাড়ি। এবার সেই সংগ্রহে যুক্ত হলো নতুন বিএমডব্লিউ।
তবে সামসুদ্দিনের বর্তমান অবস্থানে পৌঁছানোর গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। ২০০৩ সালে মুম্বাইয়ে সিনেমার শুটিংয়ে আলোকসজ্জার কাজ করতেন তিনি। তখন দৈনিক মজুরি পেতেন মাত্র ২০০ টাকা।
বিজ্ঞাপন
২০১১-১২ সালের দিকে বর্ধমানে ফিরে ধান কেনাবেচার ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে চাল সরবরাহের ব্যবসা সম্প্রসারণ করেন। একপর্যায়ে ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চাল রপ্তানি শুরু করেন তিনি।
বর্তমানে তাঁর ব্যবসার বার্ষিক লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা। একসময় দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ করা সেই সামসুদ্দিনই এখন ছেলের পরীক্ষার ভালো ফলের পুরস্কার হিসেবে আড়াই কোটি টাকার গাড়ি উপহার দিয়ে আলোচনায় এসেছেন।
সূত্র: এবিপি বাংলা








