বিয়ের কথা তুলতেই বিরোধ, জলপ্রপাতে প্রেমিকাকে হত্যা

চার বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রেমিক। কিন্তু বিয়ে নিয়ে মতবিরোধের জেরে শেষ পর্যন্ত সেই প্রেমিকের হাতেই প্রাণ গেল ২৩ বছর বয়সী তরুণী রক্ষিতা সারিকার। ভারতের কর্ণাটক রাজ্যের গোকাক জলপ্রপাত এলাকায় তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিক বাসাপ্পা সাতান্নাভারের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
পুলিশের দাবি, প্রেমিকাকে হত্যার পর জলপ্রপাতের পাশের একটি পাহাড়ি ঢালে মরদেহ ফেলে পালিয়ে যান অভিযুক্ত। বাসাপ্পা ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) বিহারে অবস্থিত ২১তম ব্যাটালিয়নের একজন কনস্টেবল। তার বাড়ি কর্ণাটকের বেলগাভি জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়েছে, রক্ষিতা ও বাসাপ্পার মধ্যে প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাসাপ্পা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বিয়ের বিষয়টি সামনে এলেই দুজনের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা বলে রক্ষিতাকে গোকাক জলপ্রপাতে নিয়ে যান বাসাপ্পা। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাসাপ্পা রক্ষিতাকে মারধর করেন এবং তার কানে আঘাত করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পুলিশের।
হত্যার পর জলপ্রপাতসংলগ্ন পাহাড়ি ঢালে মরদেহ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। এদিকে রক্ষিতা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন।
পরে গত ১ নভেম্বর থানায় নিখোঁজের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডের তথ্য সামনে আসার পর বাসাপ্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর বাসাপ্পাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।








