Logo

তাহসিফ হত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ১৯:১৩
তাহসিফ হত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গ্রেফতার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তবে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তকারীদের একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে দাবি করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।

আদালতে দেওয়া পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। এরপর দুজন একটি মোটরসাইকেল গ্যারেজে গিয়ে মোটরসাইকেলের কাজ করান। পরে জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে কয়েক দফা নাশতা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাতেই তিনজন উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তারা বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা সেখান থেকে নিজের বাসায় চলে যান।

বিজ্ঞাপন

আবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছান। সেখান থেকে হেঁটে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যান তারা। পরে কয়েকজন ব্যক্তিকে দেখে দুজন আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

তদন্তের অগ্রগতি তুলে ধরে পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্ট এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাহসিফের মৃত্যুর আগে তাকে সর্বশেষ দীপ ও জেরিকা তাসনিম দিশার সঙ্গে দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে তাহসিফের বিভিন্ন স্থানে ঘোরাফেরা এবং একাধিক রেস্টুরেন্টে খাবার খাওয়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণে হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতার দুই আসামির কোনো না কোনোভাবে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

রিমান্ডে দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ না করে যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশের আবেদনে আরও বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় দীপ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা বজায় রেখেছেন।

হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দীপকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও আদালতকে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD