Logo

ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, বিশেষ নজরদারিতে ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৩:২০
ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, বিশেষ নজরদারিতে ঢাকা
ছবি: সংগৃহীত

নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি স্থাপনা, পুলিশি অবকাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থায় হামলার পরিকল্পনা করা হতে পারে বলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সম্ভাব্য এসব তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজধানী ঢাকা।

বিজ্ঞাপন

নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশব্যাপী নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি স্থাপনা, পুলিশি অবকাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থায় হামলার পরিকল্পনা করা হতে পারে বলে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সম্ভাব্য এসব তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজধানী ঢাকা।

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারেন। বিদেশে অবস্থানরত দলটির কয়েকজন নেতার নির্দেশনা ও অর্থায়নে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশজুড়ে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা কেবল রাজনৈতিক জমায়েত কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সরকারি অফিস, আদালত, থানা, আর্থিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ গোয়েন্দা তথ্যে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব তৎপরতা সমন্বয় করতে পারেন বলে ধারণা করছেন গোয়েন্দারা।

এ কারণে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোনের কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করা হচ্ছে। এসব তথ্যের মাধ্যমে অর্থদাতা, পরিকল্পনাকারী ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকাকে অচল করার পরিকল্পনার আশঙ্কা

বিজ্ঞাপন

গোয়েন্দা সূত্রের দাবি, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি এলাকায় আকস্মিক জমায়েত করার পরিকল্পনা থাকতে পারে। এরপর রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঢাকাকে কার্যত অচল কিংবা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ধরনের জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোয়েন্দাদের ধারণা, রাজধানীর একাধিক স্থানে একই সময়ে জমায়েত কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। তবে কোথায় এসব কর্মসূচি হতে পারে কিংবা কারা সমন্বয়ের দায়িত্বে রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি কর্মকর্তারা। প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাই করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ ও আশপাশের জেলাতেও বাড়তি সতর্কতা

রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ চারটি জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে।

এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ, যানবাহনে আগুন এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির পরিকল্পনার তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনাগুলোও নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। গত ১৫ নভেম্বর রাতে পাটগাতী বাজারে ব্যাংকটির শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের আসবাব, নথিপত্রসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে একই এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ এবং ব্যাংকের সামনে হামলার ঘটনাও ঘটে। ওই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এর দুই দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় অংশ নেওয়া কয়েকজনের ফেসবুক লাইভে দেখা যায়, কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। পরে তারা থানার ভবনের বিভিন্ন অংশ এবং প্রাঙ্গণে থাকা যানবাহনে আগুন দেন।

বিজ্ঞাপন

হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে গেছেন বলেও খবর পাওয়া গেছে। এ ছাড়া থানার আগ্নেয়াস্ত্র লুটের খবরও কয়েকটি সূত্রে এসেছে। এসব ঘটনার পর গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১০ দিনে ৪৯ যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ৫৯ স্থানে

পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, গত ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।

বিজ্ঞাপন

এ সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দুটি পুলিশ স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে। এর আগে একপর্যায়ে তিন দিনে ১৯টি বাসে আগুন এবং ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য জানিয়েছিল পুলিশ।

রাজধানী ও আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটেছে। ঘটনাগুলোর মধ্যে কোনো পরিকল্পিত যোগসূত্র কিংবা সমন্বিত তৎপরতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরেও নজরদারি

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। গত ৯ নভেম্বর তাঁর আইনজীবীদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার খবর প্রকাশিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর বিদ্যমান ভ্রমণ নথি বাতিল হওয়ায় নতুন নথির জন্য আবেদন করার বিষয়টি সামনে এসেছে। অন্যদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। এসব ঘোষণাকে ঘিরে দেশের ভেতরে দলটির নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন কি না, তা পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পুলিশ তথ্য পাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের নিরাপত্তা ও অভিযান পরিকল্পনা সাজানো হচ্ছে।

তিনি বলেন, সাইবার জগৎ থেকে শুরু করে মাঠপর্যায় এবং প্রতিটি থানার আওতাধীন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারি ও কার্যক্রম জোরদার করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলা, রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, থানা, সড়ক ও যোগাযোগব্যবস্থায় বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার যেসব আসামি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, তাঁদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে দেশের সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সারা দেশে সমন্বিত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা

গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের কাজ এগিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন, বার্তা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত কয়েকজনের সঙ্গে দেশের ভেতরের ব্যক্তিদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কয়েকজনের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সমন্বয় করে নাশকতার ঘটনা ঘটাচ্ছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, কিছু ঘটনায় অর্থের বিনিময়ে লোক ভাড়া করে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানো হয়েছে। আবার কয়েকটি ঘটনায় দলটির নেতাকর্মীদের সরাসরি অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, নাশকতার ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাঁদের মধ্যে কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে রয়েছেন। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতাকারীরা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা বেশি দূর এগোতে পারেনি। নাশকতাকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রমিক আন্দোলন ঘিরেও তদন্ত

গার্মেন্টসশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করেও রাজনৈতিক ইন্ধনের আশঙ্কা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ ও অন্যান্য ন্যায্য দাবিতে চলা আন্দোলনের সঙ্গে সহিংসতার অভিযোগকে এক করে দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাঁদের বক্তব্য, শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন করার অধিকার রয়েছে। তবে সেই আন্দোলনের সুযোগ নিয়ে কোনো পক্ষ সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশ কনস্টেবল মো. সাইমনকে ঘিরে ধরে মারধরের ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি পেছন থেকে কেউ ইন্ধন দিয়েছেন কি না, তা শনাক্তের চেষ্টা চলছে।

গোয়েন্দা সূত্রের দাবি, এ ঘটনায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই ঘটনায় সাবেক দুই অতিরিক্ত আইজিপি এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আদালতে কিংবা তদন্তের চূড়ান্ত ফলাফলে প্রতিষ্ঠিত হয়নি।

দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা পুলিশের

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শককে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, থানা ও সরকারি স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিসেম্বর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি শুধু পুলিশ সদস্য মোতায়েনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সম্ভাব্য নাশকতার অর্থের উৎস, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, মাঠপর্যায়ের সমন্বয়কারী এবং সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের পৃথকভাবে শনাক্তের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উসকানিমূলক বক্তব্য, পুরোনো ঘটনার ভিডিও নতুন করে প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্তেও পুলিশের সাইবার ইউনিট কাজ করবে।

একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। রাজধানীতে আকস্মিক জমায়েত, সরকারি অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা কিংবা সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন করার অপচেষ্টা ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়াই এখন পুলিশের প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং টুঙ্গিপাড়া থানায় হামলার পর ডিসেম্বরের নিরাপত্তা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গোয়েন্দাদের আশঙ্কার পাশাপাশি সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের বিষয় হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD