Logo

গ্রামীণ ব্যাংকে আ.লীগের হামলায় তদন্ত চায় জাতিসংঘ, দিল কড়া বার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১২:১৭
গ্রামীণ ব্যাংকে আ.লীগের হামলায় তদন্ত চায় জাতিসংঘ, দিল কড়া বার্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এসব হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংস্থাটি বলেছে, দেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও সহিংসতার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে জাতিসংঘ।

বিজ্ঞাপন

গত সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ প্রতিক্রিয়া জানান। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলার অভিযোগ উঠেছে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংকটির প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বও দিয়েছেন। তাঁর প্রতি ক্ষোভের কারণেই গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনাকে বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে কি না, সে বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান ওই সাংবাদিক। পাশাপাশি হামলার ঘটনা নিয়ে সংস্থাটির কোনো মন্তব্য রয়েছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।

বিজ্ঞাপন

জবাবে ফারহান হক বলেন, ‘সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

জাতিসংঘের এ বক্তব্যে একদিকে যেমন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে সহিংস কর্মকাণ্ডের নিরপেক্ষ ও যথাযথ তদন্তের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এ ব্যাংক দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD