এনআইডি সেবায় হয়রানি বন্ধে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে যেন আর হয়রানির অভিযোগ শুনতে না হয়।
সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চান তিনি। সাধারণ মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে অযথা জটিলতা তৈরি করা যাবে না। মৌলিক তথ্য ও ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মানুষের সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বিবেচনায় রেখে সেবাপদ্ধতি সহজ করতে হবে।
তিনি আরও বলেন, এনআইডি সেবায় নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে সেগুলোর সমাধান বের করতে হবে। মানুষ যেন দুর্নীতিতে জড়াতে বাধ্য না হয়, সেই পরিবেশ তৈরি করতে হবে। অপ্রয়োজনীয় আবেদন ও কাগজপত্রের চাপ কমিয়ে সেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রতিদিন তার কাছে স্বাক্ষরের জন্য আসা নথির মধ্যে অন্তত ছয়-সাতটি এনআইডি-সংক্রান্ত আবেদন থাকে। এসব আবেদনের অনেকগুলোতে দেখা যায়, কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও প্রয়োজনীয় সেবা পাননি। এ ধরনের অভিযোগ তাকে বিব্রত করে। গণমাধ্যমেও যখন এনআইডি সেবায় হয়রানির খবর প্রকাশিত হয়, তখন তিনি আরও অস্বস্তি বোধ করেন।
এনআইডি সেবায় দুর্নীতি ও দীর্ঘসূত্রতা বন্ধে কর্মকর্তাদের কাছ থেকে কার্যকর পরামর্শও চেয়েছেন সিইসি। তার মতে, নাগরিকদের সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কোনো সমস্যার ক্ষেত্রে একে অন্যের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
আবেদন গ্রহণের পর নাগরিকদের দ্রুত অবহিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। সিইসি বলেন, কোনো আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে খুদেবার্তা পাঠিয়ে জানাতে হবে যে তার আবেদন গ্রহণ করা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
বিজ্ঞাপন
এ ক্ষেত্রে প্রতিটি আবেদনের বিপরীতে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দেওয়ার প্রস্তাব করেন তিনি। এর মাধ্যমে আবেদনকারী পরবর্তী সময়ে সহজেই নিজের আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন।
দীর্ঘদিন আবেদন ঝুলে থাকার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, একজন নাগরিক আবেদন করার পর ছয় মাস ধরে কোনো উত্তর পাবেন না, এমনকি তার আবেদন কোন পর্যায়ে রয়েছে সেটিও জানতে পারবেন না—এটি গ্রহণযোগ্য নয়। আবেদন জমা দেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য জানাতে হবে।
এনআইডি-সংক্রান্ত জটিলতায় বিভিন্ন প্রতিষ্ঠানের নথিপত্রের ভুল দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানান তিনি। জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদে সমস্যা থাকলে সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নাগরিকদের সেবা থেকে বঞ্চিত করা যাবে না।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন জায়গায় আসতে হবে, যেখানে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটি নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’
দেশের সব নাগরিকের প্রযুক্তিগত দক্ষতা সমান নয় উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক মানুষের পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা ইন্টারনেট থেকে এনআইডি ডাউনলোড করা কঠিন হতে পারে। তাই সেবা দেওয়ার ক্ষেত্রে তাদের বাস্তব সক্ষমতা বিবেচনায় নিতে হবে।
এ জন্য এনআইডি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, আবেদনপ্রক্রিয়া এবং কী কী কাগজপত্র লাগবে, তা সহজ ভাষায় প্রচার করার পরামর্শ দেন তিনি। জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণার ওপরও গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এনআইডি কেবল একটি পরিচয়পত্র নয়; এটি নাগরিকের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। এ কারণে এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রেও কিছু জটিলতার কথা তুলে ধরেন তিনি। অনেক পরিবার আশঙ্কা করে, মৃত্যুর তথ্য জানালে সরকারি বিভিন্ন সুবিধা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে তারা মৃত্যুর তথ্য দিতে অনীহা প্রকাশ করে। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করার আহ্বান জানান সিইসি।
স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প পদ্ধতি চালুর বিষয়েও কর্মকর্তাদের মতামত চান তিনি। সিইসির মতে, সব নাগরিককে স্মার্ট কার্ড দেওয়া সম্ভব না হলেও শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করার পরামর্শ দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। বিশেষ করে গ্রামের অনেক মানুষ ডাউনলোড প্রক্রিয়া সম্পর্কে ধারণা রাখেন না। তাই তাদের কাছে প্রয়োজনীয় পরিচয়পত্র বা কাগজপত্র পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে।
বিজ্ঞাপন
তবে দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের একার নয় বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এনআইডি প্রদানের জন্য ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা জরুরি। এতে নাগরিকদের অপ্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও দাপ্তরিক জটিলতার কারণে ভোগান্তিতে পড়তে হবে না।
কর্মশালার শেষ পর্যায়ে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণের আহ্বান জানান সিইসি। এনআইডি সেবায় দীর্ঘসূত্রতা, দুর্নীতি ও হয়রানি বন্ধ করে সাধারণ মানুষের জন্য সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রত্যাশা বলে জানান তিনি।








