শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, জব্দ ১৪৫ কোটি টাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মোট ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলার মধ্যে ছয়টির রায় হয়েছে, ১৭টি তদন্তাধীন রয়েছে এবং সাতটিতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
বিজ্ঞাপন
এ ছাড়া শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব থেকে মোট ১৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদক সচিব এসব তথ্য জানান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা মামলাগুলোর একটি বড় অংশ পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত। এ বিষয়ে ছয়টি মামলার রায় হয়েছে। অন্যদিকে, ১৭টি মামলা তদন্তাধীন এবং সাতটিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বিজ্ঞাপন
সম্পদ জব্দের বিষয়ে তিনি জানান, পূর্বাচলে ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া একটি বিলাসবহুল বাড়ি, নয়টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে। এসব জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা।
পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদক সচিব জানান, শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে রেড নোটিশ পাঠানো হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে যুক্তরাজ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মামলাগুলোর তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কমিশন। যৌথ তদন্ত দল ও অনুসন্ধান কর্মকর্তারা সংশ্লিষ্ট মামলাগুলো নিয়ে কাজ করছেন। নিয়মিতভাবে তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
দুদক সচিব বলেন, ‘আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি মামলার মান বা তদন্তের মান রক্ষার ওপর। যাতে সঠিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগ উপস্থাপন করতে পারি। মামলার সঙ্গে অনেক বিষয় জড়িত। আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাদের সম্পদ উদ্ধারের বিষয়টিও রয়েছে।’
বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে থাকা আসামিদের সরাসরি গ্রেপ্তার করা সম্ভব না হলে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। এ জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর মূল লক্ষ্য হলো আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা।
বিজ্ঞাপন
শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুদকে মোট ১৯টি অভিযোগ রয়েছে বলেও জানান সচিব। এর মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বাকি ১২টি অভিযোগ এখনো পেন্ডিং রয়েছে।
তিনি আরও জানান, এসব অভিযোগের নথিপত্র বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে নতুন করে আরও প্রায় ৩৭টি মামলা করার মতো উপাদান পাওয়া যেতে পারে। দুদক সচিব বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। যিনি অপরাধ করেছেন, দেশীয় আইন অনুযায়ী তার যে সাজা প্রাপ্য, তা নিশ্চিত করা হবে।’








