যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির

জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। তাঁর অভিযোগ, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। রডের আঘাতে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে নেন। তিনি নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য পরিচয় দেওয়ার পরও তাঁকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।’








