পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও কার্যকরের সময় পরিবর্তন হবে না। মজুরি যেদিনই ঘোষণা করা হোক, আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বোর্ড চেয়ারম্যান বলেন, মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য কিংবা বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিতে কান দেওয়া যাবে না। শ্রমিকদের এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সোমবারের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মজুরি ঘোষণার সময় নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করে তিনি স্পষ্ট করেন, ঘোষণা প্রকাশের তারিখ যা-ই হোক না কেন, নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত দিন ১ ডিসেম্বর।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়।
তবে এসব উদ্যোগের পরও দেশের কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।








