Logo

গোপালগঞ্জে রাতের সহিংসতার পর থমথমে পরিবেশ, চলাচলে সতর্কতা

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৬, ১৩:০৮
গোপালগঞ্জে রাতের সহিংসতার পর থমথমে পরিবেশ, চলাচলে সতর্কতা
ছবি: সংগৃহীত

টুঙ্গিপাড়ায় থানা ও বিভিন্ন বাড়িঘরে অগ্নিসংযোগ, সড়কে ব্যারিকেড এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর গোপালগঞ্জজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

বিশেষ করে আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ নভেম্বরের সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। এর মধ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের বিষয়টি নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এ ঘটনার পর সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে থানা ঘেরাওয়ের জন্য লোকজন জড়ো হতে থাকেন। স্থানীয়ভাবে মাইকিং করে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হলে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও সমাগম ঘটে। একপর্যায়ে কয়েক হাজার মানুষ থানার সামনে জড়ো হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ লোকজন থানার ভেতরে প্রবেশ করেন। পরে থানায় এবং বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। পাশাপাশি বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরি করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে শতাধিক ব্যক্তির একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর পরিবারের ও স্বজনদের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। সড়কে ব্যারিকেড ও লোকজনের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে বাধার মুখে পড়ে।

বিজ্ঞাপন

টুঙ্গিপাড়ার নিলফা এলাকাতেও স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা সদরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। শহরের কয়েকটি এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। তবে সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা দেখা গেছে। বিভিন্ন স্থানে আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা করতে দেখা যায় স্থানীয়দের।

বিজ্ঞাপন

সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রবেশপথে আনসার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশ কিংবা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানা গেছে।

নিলফা এলাকায় আগুন দেওয়া গাড়িগুলোর কয়েকটিতে বুধবারও আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে আগুন নিভে যাওয়ার পর সকালে আবারও কিছু গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে কারা আগুন দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের মধ্যে ভীতি ও উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, “ভাই ভয়ে আছি। কখন কী হয় বুঝতে পারছি না। আপনার জন্য দোয়া করছি, আমাদের জন্যও দোয়া করবেন।”

অন্যদিকে, রাতের আঁধারে সদর উপজেলার বৌলতলী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও স্থানীয়ভাবে শোনা যাচ্ছে।

আগামী ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জেলার পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন পুরোপুরি ফিরবে কি না, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD