তেল পরিমাপে কারসাজি, শেরপুরে ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কারসাজির প্রমাণ পাওয়ায় ফারজানা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতি ১০ লিটার ডিজেল সরবরাহে গড়ে ২৪০ মিলিলিটার তেল কম দেওয়ার পাশাপাশি পরিমাপযন্ত্রের প্রয়োজনীয় সনদ না থাকা এবং স্টোরেজ ট্যাংকের সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রানিরহাট এলাকার শেরপুর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের অভিযোগ পেয়ে বিএসটিআই কর্মকর্তারা সরেজমিনে পরিমাপযন্ত্র পরীক্ষা করেন। পরীক্ষায় প্রতি ১০ লিটার ডিজেল সরবরাহের বিপরীতে গড়ে প্রায় ২৪০ মিলিলিটার তেল কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া প্রতিষ্ঠানটির তেল পরিমাপের যন্ত্রগুলোর ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। একই সঙ্গে স্টোরেজ ট্যাংকের সনদের মেয়াদও উত্তীর্ণ ছিল।
বিজ্ঞাপন
এসব অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় ফারজানা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ডের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে প্রতারণা বন্ধ এবং সঠিক পরিমাণে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির পরিমাপযন্ত্রগুলো তাৎক্ষণিকভাবে সংশোধন করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট্রোলজি) রেজওয়ানুল ইসলাম।








