Logo

বাঁশখালীতে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঁশখালী, চট্টগ্রাম
১৮ নভেম্বর, ২০২৬, ১২:২৬
বাঁশখালীতে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজার জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য না থাকায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বাড়ির সামনের দরজার জানালার ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে অবস্থিত একটি মুরগির খামারে কয়েকজন লোক ছিলেন। তারা আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর উদ্যোগ নেন। এতে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে রাতের টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আমিনুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD