Logo

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, জনগণই নির্ধারণ করবে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ২১:১৪
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, জনগণই নির্ধারণ করবে: রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নির্ধারণের অধিকার একমাত্র এ দেশের জনগণের। দিল্লি কিংবা কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার এ দেশের জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি ৭১-এ, আর স্বাধীনতা সুরক্ষা করেছি ৭ নভেম্বরে।

৭ নভেম্বরের চেতনা ব্যাখ্যা করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ছিল এ দিনের মূল তাৎপর্য। এই চেতনা অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সাহস জোগায়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক আদর্শ নেই। খন্দকার মুশতাকের এমপির নমিনেশন দিয়েছিল হাসিনা। ঠিক একইভাবে শেখ মুজিবের মৃত্যুর পর শেখ মুজিবের কেবিনেটারি মন্ত্রী এমপিরাই খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে এমপি মন্ত্রী হয়েছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ একদিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বলেছে, অন্যদিকে দেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শেখ হাসিনা একবার বলেছিলেন, ‘আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না।’ রিজভীর মতে, এই বক্তব্যের মধ্যেই আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। তাঁর আত্মত্যাগ সারাদেশের তরুণ, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে অনুপ্রাণিত করেছিল। সেই গণজাগরণের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার সরকারের সমালোচনা করে রিজভী বলেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর বেদনাদায়ক। এত প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে রিজভী আরও বলেন, এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের রক্তের পিপাসা শেষ হয়নি। আবার ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা আবারও রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

বিজ্ঞাপন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। দেশে এমন পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে এবং সরকারের সমালোচনা করার কারণে কেউ গুম বা নির্যাতনের শিকার হবে না।

রিজভী আরও বলেন, কোনো একক শক্তি জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকে থাকতে পারে না। জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাই অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী উপস্থিত ছিলেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD