আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায়, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন তারা ফ্যাসিবাদ। আর ক্ষমতার বাইরে থাকলে নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। বর্তমানে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম ও নির্যাতন করেছে। একই সঙ্গে বাংলাদেশে গণহত্যার ঘটনাও ঘটিয়েছে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং মুজিববিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আখতার হোসেন বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কি না, সেটি মূল বিষয় নয়। বরং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর করা প্রয়োজন। এ দায়িত্ব বর্তমান সরকারের।
তিনি বলেন, আজকের এই দিনে ঠিক এক বছর আগে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার এক বছর এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের নয় মাস পেরিয়ে গেলেও তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি।
বিজ্ঞাপন
ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, ভারত সরকার দেশটিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।
ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হলে আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল অবস্থান থেকে ভারতকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় দেশটিকে গুরুত্ব দিতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








