Logo

‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:১১
‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

ভারতের বিরুদ্ধে বাংলাদেশবিরোধী তৎপরতায় জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর মন্তব্য, ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’। বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টায় যুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ভারত আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশে কোনো উগ্রপন্থী নেতা আশ্রয় নিয়ে সেখান থেকে ভারতে হামলা কিংবা নাশকতার পরিকল্পনা করলে ভারত কখনো তা মেনে নিত না। অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি সহ্য করছে দেশটি। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে, এমন ব্যক্তিদের ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে। সেখানে অবস্থান করেই তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।

হাসনাত আবদুল্লাহর অভিযোগ, গত আড়াই বছর ধরে আন্তসীমান্ত সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে ভারত। এসব ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর পর আবার দেশটিতে ফিরে যাচ্ছেন। বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে ভারতের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা এবং তাদের অবস্থান পরিষ্কার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আলোচনা সভায় গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, বাসে পেট্রলবোমা হামলা কিংবা অগ্নিসংযোগের মতো ঘটনায় অনেক সংবাদমাধ্যম শিরোনামে শুধু ‘বাসে ককটেল বিস্ফোরণ’ অথবা ‘দুষ্কৃতকারীদের তাণ্ডব’ শব্দ ব্যবহার করে। এতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় আড়ালে থেকে যায়।

তিনি বলেন, বিএনপি ও জামায়াতের কর্মকাণ্ডের ক্ষেত্রে ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘তাণ্ডব’ শব্দ ব্যবহার করা হলেও আওয়ামী লীগের বিষয়ে সংবাদ পরিবেশনে ভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করা হয়। গণমাধ্যমের একটি অংশের তৈরি করা এমন বয়ান প্রকৃত ঘটনা আড়াল করছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের প্রবণতাকে ‘মিডিয়া টেররিজম’ আখ্যা দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান হাসনাত।

তবে গণমাধ্যমকর্মীদের পরিশ্রমের প্রশংসাও করেন তিনি। সাংবাদিকদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই দেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর দলটির পুনর্বাসনের প্রশ্নটি নিষ্পত্তি হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। শুধু আদালতে রায় ঘোষণা করলেই চলবে না, সেই রায় কার্যকর করতে হবে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচারও দাবি করেন তিনি।

বিএনপির একটি অংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রাখার অভিযোগও তোলেন হাসনাত। তাঁর মতে, আওয়ামী লীগের সঙ্গে আপসের রাজনীতি ভবিষ্যতে বিএনপির নেতা-কর্মীদের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। অতীতে এ ধরনের আপসকামিতার কারণে বিরোধী দলের আন্দোলন সর্বজনীন হয়ে উঠতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তনের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং দলীয় পরিচয়ের বাইরে থাকা নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।

বিজ্ঞাপন

এদিকে গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গেও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করা যৌক্তিক। তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ যেন কারখানায় ভাঙচুর কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারণ, কারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন শ্রমিকেরাই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD