Logo

গোপালগঞ্জে সহিংসতার পর নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫১
গোপালগঞ্জে সহিংসতার পর নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে থানা ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলার নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদারের পাশাপাশি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

এদিকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানা এবং গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে টুঙ্গিপাড়া থানাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল নিয়ে আসা একদল নেতাকর্মী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর টুঙ্গিপাড়া এলাকায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল থানা পুলিশ। ওই গ্রেপ্তারের প্রতিবাদে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় থানাটি ঘেরাও করা হয় বলে জানা গেছে।

এর আগে উপজেলা পরিষদের পাশের একটি চায়ের দোকানে বসে থাকা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে থানার দিকে লোকজন জড়ো করা হয়।

একপর্যায়ে কয়েক শ মানুষ থানার সামনে অবস্থান নেন। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে হামলাকারীরা পুলিশের বাধা অতিক্রম করে থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়। হামলার মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে সরে অবস্থান নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় থানার ভেতরে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি থানা চত্বরের পাশের পুলিশ মেসেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। দফায় দফায় মিছিল, হামলা ও সংঘর্ষের কারণে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে হেলমেট পরা ব্যক্তিদের দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর করতে দেখা গেছে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায় বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সহিংসতার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD