Logo

দুই মাসের মধ্যে রাজধানীর আরও ৫০ সিগন্যালে বসবে এআই ক্যামেরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৮:০০
দুই মাসের মধ্যে রাজধানীর আরও ৫০ সিগন্যালে বসবে এআই ক্যামেরা
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট কমাতে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল পূর্ণাঙ্গভাবে সচল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে যানবাহনের চাপ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্য মো. আবুল কালাম উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে। এ প্রেক্ষিতে তিনি ঢাকার সকল প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে গেছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট বসানোর কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলক অনেক কমে আসবে।

বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতেই সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময় এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে, যা বাংলাদেশেও স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে এবং বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মনোরেলের সম্ভাব্য সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন,এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার ভেতর দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD