Logo

মিরপুরে পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের ফের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৬:৩১
মিরপুরে পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের ফের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ নম্বরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান জানান, শ্রমিকদের সড়ক অবরোধ না করতে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, বেলা সাড়ে ১১টার পর পোশাকশ্রমিকরা মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে করতে মিরপুর-১২ নম্বরের দিকে যান। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১২ নম্বরে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০ থেকে ১২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিজিবি সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD