Logo

মাথা তুলে দাঁড়ানোর আগেই সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ২১:০৯
মাথা তুলে দাঁড়ানোর আগেই সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পতিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে গণতন্ত্রপন্থি সব রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতান্ত্রিক জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, তৈরি পোশাকশিল্পের অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র নিয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে কেউ বাংলাদেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তাঁর মতে, গণতন্ত্র ও সমৃদ্ধি পরস্পরের পরিপূরক। গণতন্ত্র দেশের উন্নয়নের পথ সহজ করে, অন্যদিকে সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।

পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশে ব্যাপক হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনা ঘটানোর পরও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। দেশে কিংবা বিদেশে—যেখানেই তারা অবস্থান করুক, তাদের পরিচয় একটাই, তারা সন্ত্রাসী। এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের গণতান্ত্রিক জনগণের বাড়িঘরে আগুন দেওয়া এবং হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

এসব অপশক্তিকে যারা আশ্রয় ও প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী অবস্থান ইতোমধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র অতীতে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশের ওপর চিকিৎসাসেবার নির্ভরতা তৈরি করেছিল। একই কায়দায় গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা সমৃদ্ধ পোশাকশিল্প ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।

বিজ্ঞাপন

শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত রয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘ফ্যাক্টরি নষ্ট হয়ে গেলে বেতন আসবে কোথা থেকে?’

দেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সংসদে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগের বিষয়টি বিরোধী দলের সদস্যের বক্তব্যেও উঠে এসেছে। এটি প্রমাণ করে, সরকার কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং সারা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD