এবার পিরোজপুরে নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়ি এবং উপজেলা সদরে অবস্থিত আরেকটি বাড়িতে হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর অন্য বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
শ ম রেজাউল করিম সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
তবে দুটি বাড়িতে হামলার ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজখবর নিয়ে বিষয়টি জানানো হবে।








