প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে লালমনিরহাট, সাজল মহাসড়ক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো জেলা। তাঁকে বরণ করতে শহর ও মহাসড়ক সাজানো হয়েছে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতায়। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে দলীয় কর্মসূচিতে লালমনিরহাটে গেলেও সরকারপ্রধান হিসেবে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত সীমান্তবর্তী এই জেলায় এটিই তাঁর প্রথম সফর।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তাঁকে স্বাগত জানাতে শহরের সড়ক ও মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সড়কের দুই পাশের গাছপালা ও সরকারি-বেসরকারি ভবনে রঙের ছোঁয়া লাগানো হয়েছে। আলোকসজ্জায় সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও সমাবেশস্থল। শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।
বিশেষ আকর্ষণ হিসেবে লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী চিত্র। সাজসজ্জায় উঠে এসেছে চিরচেনা গ্রামের নানা দৃশ্য। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ ও জনসভাস্থলও সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মহাসড়কের বিভিন্ন স্থানে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী গান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান ও ডিসপ্লের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি তুলে ধরবে। অভ্যর্থনা আয়োজনেও থাকবে আঞ্চলিক গান ও নৃত্য।
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কার্যক্রমে যোগ দেবেন। এরপর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের খাবার ও বিশ্রামের জন্য যাবেন জেলা সার্কিট হাউসে।
প্রধানমন্ত্রীর খাবারের তালিকায়ও রাখা হয়েছে স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। এতে থাকবে তিস্তা নদীর বৈরালী মাছসহ বিভিন্ন ধরনের ভর্তা ও ঐতিহ্যবাহী খাবার। এ ছাড়া তাঁর কর্মসূচির জন্য তিনটি পৃথক স্থানে তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
বিজ্ঞাপন
সফর ঘিরে পুরো জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে সমাবেশস্থল ও প্রধানমন্ত্রীর চলাচলের পথ পরীক্ষা করা হয়েছে। এসব এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে যাত্রীদের চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা রাখা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের এটি লালমনিরহাটে প্রথম সফর। সফরটি স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও গ্রামীণ ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফরসূচি
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাহিনীর একটি উড়োজাহাজে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখান থেকে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
বিজ্ঞাপন
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।
সবশেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেল ৪টায় লালমনিরহাট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।








