ফরিদপুরে কৃষকদল নেতা নিহতের ঘটনায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, আটক ২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কৃষকদল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় ফরিদপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৫ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এদিকে নিহত রাজু মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল নিহতের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে ভাঙ্গা উপজেলা কৃষকদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল চলাকালে শহরের জনতা ব্যাংক মোড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।








