Logo

হঠাৎ টার্গেটে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক, একের পর এক শাখায় আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ২০:৪৬
হঠাৎ টার্গেটে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক, একের পর এক শাখায় আগুন
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অন্তর্বর্তীকালীন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকটির অন্তত ১০টি শাখা ও কার্যালয়ে আগুন দেওয়া, পেট্রোল বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় কয়েকটি ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও অধিকাংশ ক্ষেত্রে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল, চট্টগ্রাম, ময়মনসিংহ, যশোর, ফরিদপুর, রাজশাহী, গাজীপুর ও পাবনাসহ বিভিন্ন জেলায় এসব হামলার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) ভোরেও টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

টাঙ্গাইল

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ শুনে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন তিনি। পরে নিরাপত্তাপ্রহরীদের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল। দ্রুত বিষয়টি টের পাওয়ায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

চট্টগ্রাম

বিজ্ঞাপন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় একজনের ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান। বাইরে তাকিয়ে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করে অন্যদের সতর্ক করেন। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সীমান্ততলি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় মুখ বেঁধে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে রামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনজনকে মুখ বেঁধে ব্যাংকের শাখায় আগুন দিতে দেখা যায়। এ সময় একজনকে জ্বালানি ছিটিয়ে আগুন ধরাতে দেখা গেছে।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ব্যাংকের কর্মচারীরা জানান, সিসিটিভি ফুটেজে দুই যুবককে প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন দিতে দেখা গেছে। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাঁদের ধাওয়া করা হলে তাঁরা পালিয়ে যান।

বিজ্ঞাপন

বাঘারপাড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, ব্যাংকের কর্মী ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ফরিদপুর

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ব্যাংক সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন ও অন্য কর্মীরা নিচে নেমে মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

রাজীব হোসেন জানান, রাতে নিজের কক্ষে অবস্থান করার সময় জানালা দিয়ে ধোঁয়া দেখতে পান। পরে সহকর্মীদের নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের বাসাইল

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘স’ মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, দুর্বৃত্তরা বোতলে পেট্রোল নিয়ে ব্যাংকের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তিনি ও অন্য কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নেভান। এতে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।

বাসাইল থানার ওসি আলমগীর কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

রাজশাহী

রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ ক ম শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে অফিসের নিচতলার বারান্দার জানালায় বোমা দুটি নিক্ষেপ করা হয়। এতে আগুন ধরে যায় এবং ভবনের দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় অফিসে একজন পিয়ন ও বাইরে একজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। পিয়ন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা গেছে, রাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা বেরিয়ে এসে আগুন দেখতে পান। পরে তাঁরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে।

পাবনা

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ হামলা চালানো হয়।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান জানান, দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের থাই গ্লাস ভেঙে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

নৈশপ্রহরীর চিৎকারে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।

চট্টগ্রামের আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলার জানালার কাচ ভেঙে ভেতরে ককটেল নিক্ষেপ করে। এতে আগুন ধরে কিছু পুরোনো কাগজপত্র পুড়ে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

একাধিক জেলায় ধারাবাহিক হামলা

সব মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়কে লক্ষ্য করে ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। কোথাও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে, কোথাও পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। আবার কয়েকটি স্থানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।

তবে এসব হামলার পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন স্থানে পুলিশ তদন্ত ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD