Logo

‘আগে বলে নেই, তারপর তালি দেন’: সংসদে এমপিদের বললেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৮:৪৮
‘আগে বলে নেই, তারপর তালি দেন’: সংসদে এমপিদের বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের আগাম করতালিতে হাস্যরসের ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অধিবেশনে প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু করে দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি উপজেলা হাসপাতালে নতুন করে ১০০টি শয্যা যুক্ত হবে।

উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে প্রতিটি উপজেলায় ৩০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকার দায়িত্ব গ্রহণের পর আরও ২০টি শয্যা বাড়িয়ে হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করে। ফলে বর্তমান উপজেলা হাসপাতালগুলোর ৫০ শয্যার কাঠামো বিএনপির শাসনামলে গড়ে ওঠে বলে উল্লেখ করেন তিনি।

দেশের স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বিগত সরকারের সময়ে এ খাতে অবহেলার অভিযোগ করেন। তাঁর ভাষ্য, মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট দেশে যেতে বাধ্য করার পরিস্থিতি তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় প্রায় ৪০ লাখ মানুষকে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হয় বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে থাকলেও গত কয়েক মাসে সরকার দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার নতুন হাসপাতাল শয্যা যুক্ত করতে পেরেছে।

এদিকে সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তাঁর নির্বাচনী এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। তিনি বলেন, ওই এলাকার অধিকাংশ শ্রমিকের মাসিক আয় ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে। ফলে স্বল্প আয়ের এসব মানুষের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল প্রয়োজন।

জবাবে প্রধানমন্ত্রী জানান, হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে আগামী সপ্তাহের মধ্যেই ওই এলাকায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে। ফিজিবিলিটি টেস্টের মাধ্যমে হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতা পর্যালোচনা করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD