Logo

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৩
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও তরুণ উদ্ভাবকদের মেধা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা মানে ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের অগ্রগতির পথ সংকুচিত করা। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের দক্ষতা, মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তাধারার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান তিনি। তার মতে, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই।

প্রধানমন্ত্রী আরও আশ্বাস দেন, তরুণদের উদ্ভাবনী প্রতিভা যেন প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। নতুন ধারণা ও গবেষণাকে বাস্তবে রূপ দিতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি লক্ষ্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট নির্মাণ ও মহাকাশে পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের জন্য বিমান চলাচল, মহাকাশ গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD