Logo

বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ২২:১৬
বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

বিজ্ঞাপন

সফরকে ঘিরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন রূপে। শহরের মিশনমোড়সহ বিভিন্ন সড়কে চলছে রং করার কাজ। পাশাপাশি সড়কের আইল্যান্ডগুলোও সাজানো হচ্ছে বর্ণিলভাবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আয়োজনের জন্য কালেক্টরেট মাঠে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। দলীয় নেতা-কর্মীদের মধ্যেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে নানা আয়োজন করছেন তাঁরা।

দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাটবাসীর জন্য বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান।

সবশেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে এখন পুরো জেলাতেই বিরাজ করছে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD