আ.লীগের লকডাউনেও কর্মচঞ্চল নারায়ণগঞ্জ, স্বাভাবিক যান চলাচল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বাভাবিক নিয়মেই চলাচল করছে দূরপাল্লার বাস ও গণপরিবহন। প্রতিদিনের মতোই কর্মজীবী মানুষ সকালে নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নগরীতে বজায় রয়েছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা ঘুরে স্বাভাবিক যান চলাচলের চিত্র দেখা গেছে। দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বন্ধন, উৎসব ও মমিতা পরিবহন চলাচল করছে। একইভাবে সাইনবোর্ড থেকে অনাবিল পরিবহনের বাস সার্ভিসও স্বাভাবিক রয়েছে।
এদিকে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে জেলায় সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চার প্লাটুন আনসার এবং প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আটটি টহল দল।
বিজিবি সূত্র জানায়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকাগুলোতে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের সাতটি থানায় প্রায় ৭৫০ পুলিশ সদস্য মোতায়েন থাকছেন। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে অন্য জেলা থেকে অতিরিক্ত ৩০০ পুলিশ সদস্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জেলার প্রবেশপথে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন-অপরাধ) তারেক আল মেহদী জানিয়েছেন, কর্মসূচি ঘিরে জেলার সাতটি থানায় সাড়ে সাতশ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আটটি টহল দলের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, শিমরাইল মোড়ে অন্তত পাঁচজন এবং তারাবো চেকপোস্টে ১০ জন হাইওয়ে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারাবো চেকপোস্টে জেলা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের উদ্যোগে স্থাপিত চেকপোস্টগুলোতে সহযোগিতা করছে হাইওয়ে পুলিশ।
বিজ্ঞাপন
এদিকে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব জানিয়েছেন, জেলা বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলার মহাসড়কে অবস্থান নিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের জনজীবন, গণপরিবহন ও শিল্পাঞ্চলের কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে।








