আওয়ামী লীগের লকডাউনেও স্বাভাবিক রাজধানী, সচল অফিস-আদালত

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীর সড়ক, অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। অন্যান্য দিনের মতোই কর্মব্যস্ত সময় পার করেছেন নগরবাসী।
বিজ্ঞাপন
সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। গণপরিবহন চলাচলেও তেমন কোনো ব্যতিক্রম ছিল না। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকায় স্বাভাবিক নিয়মেই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেছেন সংশ্লিষ্টরা।
নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি তাদের দৈনন্দিন জীবনযাত্রায় উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেনি। তবে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের ঘটনা দেখতে চান না তারা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক, স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যাত্রাবাড়ীর দোকানি মামুন গণমাধ্যমকে বলেন, ‘কিসের লকডাউন, আমরা কোনো লকডাউনের খবর জানি না। গাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা স্বাভাবিক জীবন চাই।’
বিজ্ঞাপন
একই বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা লকডাউন দিতে চাইলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই।’
এদিকে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নাশকতা প্রতিরোধে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম। তবে নিরাপত্তা জোরদারের মধ্যেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বড় ধরনের কোনো বাধা সৃষ্টি হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকার সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, অফিস-আদালতের কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্য অব্যাহত থাকায় কর্মব্যস্ত রাজধানীতে লকডাউনের কোনো উল্লেখযোগ্য প্রভাব চোখে পড়েনি।








