Logo

এবার ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৬:৩৩
এবার ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’
ছবি: সংগৃহীত

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২০ বিঘা জমির ওপর মসজিদ, কওমি মাদরাসা ও বিভিন্ন অবকাঠামো নিয়ে একটি বৃহৎ কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সাধারণ মানুষের কাছ থেকেও আর্থিক সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।

বিজ্ঞাপন

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, মসজিদটির স্থাপত্যে অযোধ্যার বাবরি মসজিদের আদল অনুসরণ করা হবে। থাকবে তিনটি গম্বুজ এবং মোগল স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য। এর সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় করা হবে।

কলাতিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে কওমি মাদরাসার কার্যক্রম চলছে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই বড় পরিসরে কমপ্লেক্সটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মামুনুল হকের উদ্যোগে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)। তবে ২০২১ সালের রাজনৈতিক পরিস্থিতিতে মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে উদ্যোক্তারা জানান। তাদের দাবি, ওই সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজনকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় চার বছর নির্মাণকাজ বন্ধ ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্টের পর প্রকল্পের কার্যক্রম আবার শুরু হয়েছে। এরই মধ্যে প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। পাশাপাশি কমপ্লেক্সের সঙ্গে সংযোগ স্থাপনে ৭০০ ফুট দীর্ঘ একটি সড়কও নির্মাণ করা হয়েছে।

মামুনুল হক বলেন, অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ও এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একই নাম রাখা হয়েছে। তার ভাষ্য, দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে মূল প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে এবং চলতি বছরেই মূল মসজিদের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে অস্থায়ীভাবে ৫ হাজার বর্গফুটের একটি মসজিদ ও সমপরিমাণ উন্মুক্ত বারান্দা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের নামাজের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থাও সেখানে রাখা হবে। প্রকল্প বাস্তবায়নে দেশের ধর্মপ্রাণ মানুষ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।

বিজ্ঞাপন

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রকল্পের পরবর্তী কাজ এগিয়ে নিতে বর্তমানে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করা হচ্ছে। অনলাইনে অনুদান দিতে tagleebedin.com/babri-masjid ওয়েবসাইটে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে 01737241621 নম্বরে অনুদান পাঠানো যাবে বলে জানানো হয়েছে। ব্যাংকের মাধ্যমে অনুদানের জন্য হিসাবের নাম Babri Masjid Dhaka এবং অ্যাকাউন্ট নম্বর 20506640200295607। ব্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলাতিয়া বাজার সাব-শাখা, ঢাকা।

অনুদানসংক্রান্ত তথ্যের জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে 01339-491061 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD