এবার সিরাজগঞ্জে নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মিল্লাতের বাড়িতে আগুন

সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতের বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোডের (এসএস রোড) এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে একই কার্যালয় ও সাবেক সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। ফলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এসব স্থাপনায় হামলার ঘটনা ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একদল লোক জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়ির সামনে জড়ো হন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
একপর্যায়ে প্রথমে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এবং পরে সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বুধবার ভোরে শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ব্যানার টাঙানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তিনি অভিযোগ করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে বিব্রত করতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। এতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের মানুষও ক্ষুব্ধ।’
অগ্নিসংযোগের বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।








